শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

মৌলিক মজুমদার


মৌলিক মজুমদার

মধ্যরাতের পিং

১

রাত রেখে গেলাম
হাত রেখে গেলাম
রাত নিয়ে নেড়োচেড়ো
হাত নিয়ে নেড়োচেড়ো
বন্ধু!
ক্লান্ত এসময়,
রাতে হাত
হাতে রাত
নষ্ট করা ঠিক হবে না ...







২

হায় পুস্তকমেলা,হায় কিরাত দেশ,

উন্মুক্ত বধ্যভূমিতে দাঁড়িয়েছিলাম ...

শিকার হয়ে যাবো এই আশা নিয়ে ...

কিন্তু … তখন …





হরিণীরা সব পলাতকা

গায়ে চেয়ে দেখি ডোরা কাটা








৩

চলো দুজনে ভাসি

নোঙর হোক কিছু জোনাকি

রাজধানী থেকে ফেরা,

অকিঞ্চিৎকর ডানায়

যারা ভরে এনেছে

তিমির রাত্রি কথা ।







৪

মাছেদের বৈরাগ্য আসে

জলাশয় ভরভরন্ত হলে,

দু’কূল ছাপানো প্লাবনে

নিরুপায় মেটায় ওরা

মাৎস্যন্যায় ক্ষুধা ।







৫

প্রেমে অবিচল মুর্তিটি এক গাছের,

ঝাঁঝরির নাম বিবেক, তাতে সিঞ্চন করি জল,

গাছের পিপাসা আছে

প্রেমের আর্তি আছে

শীতের রোদে রাস্তায় ওড়ে ধুলো

বাস ট্রাক চলে গেলে,

ঝাঁঝরি হাতে রাস্তায় …

তৃষ্ণার জল নয় …

এ উদ্ভিদের রূপটান