বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

কফিনবন্দি আমার দেশ

বাবলু সাঁতরা আমার ভাই ।
সুদীপ বিশ্বাস আমার ভাই ।
কাশ্মীর আমার স্বদেশ ।

কফিনবন্দি বাবলু নয় ।
কফিনবন্দি সুদীপ নয় ।
কফিনবন্দি আমার দেশ ।

খোলো, কে আছো,  কফিনগুলো খোলো !
কফিন থেকে কান্নাভেজা দেশকে ডেকে তোলো!
রশিদ ! মাসুদ ! কারা ছড়িয়েছিল বিদ্বেষ  ?

বাবলু, সুদীপরা আমার ভাই ।
রশিদ, মাসুদদের শেষবারের মতো চাই ।
হায়রে পুলওয়ামা ! হায়রে আমার দেশ !

কেউ জানো, রশিদ মাসুদরা কোথায় ?
সন্ত্রাস ! সন্ত্রাস ! সন্ত্রাস ! সন্ত্রাস ভুলে আয় ।
নিজের মাকেই জিজ্ঞাসা কর কোথায় কার দেশ!

শুধু কাশ্মীর না ।
শুধু ভারত না ।
সারা দুনিয়াটাই আমার দেশ ।







শিকারী

কত কিছু ধরা পড়ে মাছ  শিকারির জালে ।
কত মাছ ছিটকেও যায় জাল থেকে জলে ।
ব্যাকরণ মেনে হয় সব অপরাধযজ্ঞ ?
পরোয়াহীন চোখ, উদ্ধত নদী বয়ে চলে ।

কী কী কেড়ে নিলে তবে খরস্রোতা বলে ?
জলে  জলে গোল হয়ে কত কিছু ঘোরে ।
বিপথগামীরা জানে পথ কাকে বলে ।
পথ ভাসে, পথ হাসে, জলেরই তোড়ে ।

এ-জীবন গড়িয়ে গেল নদী থেকে পুকুরে ।
রুগ্ন সময়, কাকতাড়ুযা খেল কুরে কুরে ।






অচিন পাখি

আমার মগজে একটা আহত পাখি ।
তাকে আমি সদা নজরে নজরে রাখি ।
আমার বিশ্বাসে কলঙ্কিত রামধনু ।
মনের ভিতর একা ডাকে সেই পাখি ।

ধান খায় না,  গান গায় না সেই পাখি ।
তাকে নিয়েই সারাদিন বিব্রত থাকি ।
ঝড়ে জলে টলমল আমার দু'চোখে
অচিন সেই পাখি  আমাকে দেয় ফাঁকি ।

সারাদিন ঘুমায় সে, সারারাত জাগে ।
তাকে আমি কিছুতেই পারি না বোঝাতে ।
কত ভ্রম, কত শ্রম, মারকুটে চোখ
অসাবধানী আমিও খেলি তার হাতে ।







নিরুপায়

এই পথেই ভোরের পার্ক
এই পথে পুকুরের পাড় ।
এই পথে পলাশের গাছ
আমি জানি পরিচয় তার ।

দিন যায় কলহে বাজার ।
রাত আসে নিয়ে অন্ধকার ।
রুগ্ন পাখিরা হারিয়ে গেলে
আমার ভিতরে তোলপাড় ।

মাঝে মাঝে  সব নিয়ে বসি
হারানো আকাশ, নদী, জল ।
জানি, দু'পায়ের ফাঁকে মৃত্যু,
দু'চোখে অলীক স্বপ্নের ছল।

আজ  সত্য-মিথ্যা একাকার
প্রতিপদে নিরুপায় হার ।







সাপলুডো রঙ

এবার বরং লিখতে পারি সাপলুডো রঙ
ভাঙতে পারি অভ্যাসনামা, হিংসুটে বেরঙ ।

ভিড়ের কোন চরিত্র হয় ? তর্ক অহর্নিশ !
উল্টো স্রোতে ভেসে ভেসে, শহরে খুলি অফিস ।

মুখেই সবার আগুন আজ,  মনেতে বিষ !
সূর্যডোবা আলোয় রাতের আখ্যান লিখিস ।

কিন্তু অশ্রুকালীন চোখে কীসের ভয় দেখাচ্ছিস?
শখের ঘোড়া ছুটিয়ে এবার পালাব ভেবেছিস  !

ভুল ! ভুল ভাবছিস। আমি তো লাগামছাড়া নই ।
স্বপ্নে ঘুনপোকা আর পুকুরে নেই  হাঁসের চৈচৈ ।